নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, লুটপাটে আটক ৫ জনকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা করে ওই পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। তারা ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর সহযোগীকে আটক করে এবং হাতকড়া পরায়। একই সঙ্গে লুট করা মালামাল বহনে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। পরে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তখন জনি নামের একজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা হাতকড়াসহ আটক সবাইকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসেম বাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা পুলিশের সাবেক সদস্যের একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে থাকা লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র্যাবের গোয়েন্দা দল মাদকের আস্তানার তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়। সন্ত্রাসীরা তিন র্যাব সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।