বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলার এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। আদালতের পরিদর্শক সুব্রত কুমার ব্যানার্জি রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শেরপুর উপজেলার চন্ডেরশ্বর গ্রামের তছলিম উদ্দিন। অন্যদিকে যাবজ্জীবন দণ্ড পাওয়া দুই আসামি হলেন একই গ্রামের ফারুক হোসেন ও টুনিপাড়া গ্রামের আবদুল আলিম। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তির নাম আনিছুর রহমান। তিনি চন্ডেরশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম বলেন, পারিবারিক শত্রুতা এবং হাঁস জমির ধান খাওয়ার জেরে কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমানকে ২০১৭ সালের ১২ জুন দিনে-দুপুরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তারের পর আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। পরে দণ্ডিত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।