চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় দোকানি নিহত
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক দোকানি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ মোশাররফ (৪৫)। তিনি চকরিয়া উপজেলার কৈয়াবিল ইউনিয়নের হামিদ উল্লাহ সিকদারপাড়ার বাসিন্দা। জিদ্দাবাজার এলাকায় তিনি তারিন এন্টারপ্রাইজ নামের একটি হার্ডওয়্যারের দোকান পরিচালনা করতেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ টিপু বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ইজিবাইক থেকে জিদ্দাবাজার এলাকায় নামেন মোশাররফ। হেঁটে মহাসড়ক পার হয়ে দোকানে যাওয়ার সময় আরেকটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোশাররফের বড় ভাই শওকত আলী বলেন, মোশাররফ বাসা ভাড়া নিয়ে চকরিয়া পৌর শহরে থাকতেন। সেখান থেকে জিদ্দাবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়া–আসা করতেন। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু ততক্ষণে ইজিবাইকটি পালিয়ে যায়। নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।