নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেক পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
আজ সোমবার ভোরে খায়রুজ্জামান পক্ষের লোকজন বড়কুলা গ্রামে উজ্জ্বল শেখ পক্ষের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন উজ্জ্বল শেখ পক্ষের খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ ও প্রতিবেশী ফেরদৌস।
পরে খায়রুজ্জামান পক্ষের ওসিকুর নামে একজন আহত হয়ে হাসপাতালে মারা যান। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।