যাত্রীবেশে অটোরিকশায় উঠে ছিনতাই, ছুরিকাঘাতে সেনাসদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজি মাহমুদ (২৩) নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজি মাহমুদ ঢাকার সাভারে সেনাবাহিনীতে কর্মরত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আজি মাহমুদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সরাইল থানায় মামলা করেছেন। এর ঘণ্টাখানেকের মধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—বিজয়নগর উপজেলার বেকীনগর গ্রামের সেন্টু লাল দাস (২৫) ও সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের রিপন মিয়া (২৪)।
পুলিশ ও আজি মাহমুদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজি মাহমুদ দুই মাসের ছুটিতে গতকাল রাতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তিনি বাস থেকে সরাইল বিশ্বরোড মোড়ে নামেন। এরপর তিনি বিজনগরের চান্দুরাগামী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় যাত্রীবেশে আগে থেকে তিনজন ছিনতাইকারী বসে ছিলেন। অটোরিকশাটি প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে মহাসড়কের ইসলামাবাদ এলাকার নির্জন স্থানে পৌঁছালে ওই তিন ব্যক্তি চলন্ত অটোরিকশায় আজি মাহমুদকে মারধর শুরু করেন। এ সময় তাঁরা আজি মাহমুদের কাছে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আজি মাহমুদ তাঁদের বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে আজি মাহমুদের গলায় ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে আজি মাহমুদ বাঁ হাত এগিয়ে দিলে তাঁর চারটি আঙুলে গুরুতর জখম হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা নগদ টাকা, একটি মুঠোফোন, একটি আংটিসহ ৪১ হাজার ৭০০ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে অটোরিকশা থেকে মহাসড়কের ওপর ফেলে দেন। পরে আজি মাহমুদের চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আজি মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেওয়ায় এবং ডাকাত দলের মারধরে তিনি মাথায়, ঘাড়ে ও গলায় আঘাত পেয়েছেন। গ্রেপ্তার দুজনকে চিনতে পেরেছেন বলেও পুলিশকে জানিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর মধ্যে গ্রেপ্তার সেন্টু লাল দাসের বিরুদ্ধে বিজয়নগর থানায় দুটি মাদকের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মহাসড়ক থেকে ৪৭ অটোরিকশা জব্দ
এদিকে গতকাল ছিনতাইয়ের ঘটনার পর সরাইল থানা-পুলিশ ও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে অভিযান চালায়। এ সময় মহাসড়ক থেকে ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এর মধ্যে সরাইল থানা-পুলিশ ৪০টি ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ৭টি অটোরিকশা জব্দ করেছে।
সরাইল থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে এসব অটোরিকশা চলাচলের অনুমতি নেই। এ ছাড়া অধিকাংশ অটোরিকশার কোনো বৈধ কাগজপত্রও নেই। অনিয়ন্ত্রিত এসব অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এ জন্য ৪৭ অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।