প্রকল্পের গর্ত, ভোগান্তি বনানী থেকে টঙ্গীর মিলগেট পর্যন্ত
বিআরটি প্রকল্পের গর্তের কারণে রাজধানীর বনানী থেকে গাজীপুরের টঙ্গীর মিলগেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। আজ বুধবার সকাল থেকে কোনো যানবাহনই নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথের যাত্রীরা।
সড়কটির বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, সড়কটির বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত চলছে বিআরটি প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে টঙ্গীর মিলগেট এলাকায় সংকুচিত হয়ে পড়েছে লেন। সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর মাঝে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় সেসব গর্তে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে কোনো যানবাহনই ঠিকমতো জায়গাটুকু অতিক্রম করতে পারছে না। এতে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে রাজধানীর বনানী পর্যন্ত।
আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা কোনোভাবেই গাজীপুর অংশে ঠিকমতো গাড়ি ঢোকাতে পারছি না। এ কারণে যানজট চলে গেছে বনানী পর্যন্ত।’
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কটির টঙ্গী সেতুর পর থেকে টঙ্গীর মিলগেট পর্যন্ত বিভিন্ন অংশে রয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও এলোমেলো পড়ে আছে বিআরটির বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মিলগেট এলাকায়। এখানে সড়কের মাঝ বরাবর গর্ত করে চলছে বিআরটির কাজ। এতে সড়ক সংকুচিত হয়ে পড়াসহ তৈরি হয়েছে চার থেকে পাঁচটি বড় গর্ত। সেসব গর্তে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে কোনো যানবাহনই গর্তে পড়ে যাওয়ার ভয়ে স্বাভাবিক গতিতে সামনে এগোচ্ছে না।
আবদুল্লাহপুর মোড়ে কথা হয়ে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী তাসকিয়া সিদ্দিকার সঙ্গে। তাঁর বাসা এয়ারপোর্টের আশকোনা এলাকায়। তিনি বলাকা পরিবহনের একটি বাসে করে কলেজে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘আমার ক্লাস ছিল সকাল ১০টায়। বৃষ্টির দিন দেখে সকাল ৯টার মধ্যেই বাসা থেকে বের হই। কিন্তু এখনো পর্যন্ত কলেজেই যেতে পারলাম না। রাস্তায় যে ভাঙাচুরা আর কাদা, তাতে হেঁটে যাওয়ারও উপায় নেই।’
টঙ্গী স্টেশনরোড ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক মো. শাহাদাত বলেন, ‘মূলত মিলগেটের বিআরটির গর্তের কারণেই যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। আমরা নিজেরাই গর্ত ভরাট করে চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক রাখতে। কিন্তু তারপরও পেরে উঠছি না। বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে।’