দৌলতপুরে হামলা-অগ্নিসংযোগে দগ্ধ দুজনের মৃত্যু ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন একটি রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দিনু মণ্ডল (৬৫) ও আকতার মণ্ডল (৪২) নামের দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনেরা জানিয়েছেন।

এ ঘটনায় আহত আরও ২০ জন ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানসহ (পঙ্গু হাসপাতাল) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরেকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলার চিলমারী বাজারে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ৫ জন অগ্নিদগ্ধসহ ২৫ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই চিলমারী গ্রামের মোজাম্মেল মণ্ডল বাদী হয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এনে ৭৩ জনের নাম উল্লেখ ও ১২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।

হামলার সময় বিভিন্ন ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন।

হামলার ঘটনায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে শেলি দেওয়ান ও তাঁর ছোট ভাই চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ানসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম গত শনিবার জামিন পেয়েছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার চিলমারী বাজারে একটি নতুন রাস্তার জমি নিয়ে স্থানীয় শিকদার খা বংশের সঙ্গে মণ্ডল বংশের বিরোধ চলছে। বৃহস্পতিবার বিকেলে শিকদার খা পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে মণ্ডল পক্ষের লোকজনের ওপর হামলা চালান। বিভিন্ন ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন। যার মধ্যে দিনু মণ্ডল (৬৫), আকতার মণ্ডল (৪২), ফারুক মণ্ডল (২৯) ও সাইদুল মণ্ডলকে (৩৬) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এই হামলার ঘটনায় এজাহারভুক্ত ১০ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত। স্থানীয় লোকজনের নিরাপত্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।