জগন্নাথপুরে দেবে গেছে সেতু
সংস্কারে উদ্যোগ নেই, দুর্ভোগ
গত বছরের ১৭ এপ্রিল নলজুর নদের ওপর ডাকবাংলো সেতুটি হঠাৎ দেবে যায়। এর পর থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদের ওপর দেবে যাওয়া ডাকবাংলো সড়কের সামনের দুই টাকার সেতুটি ৯ মাসে সংস্কার হয়নি। সেই সেতু দিয়ে ঝুঁকি নিয়েই লোকজন চলাচল করছেন।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল নলজুর নদের ওপর ডাকবাংলো সেতুটি হঠাৎ দেবে যায়। এর পর থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে সাইনবোর্ড সাঁটানো হলে লোকজন এসব অমান্য করে সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচল শুরু করেন।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক বলেন, জগন্নাথপুর পৌরসভা ও এলজিইডির রশি টানাটানিতে দীর্ঘ ৯ মাস ধরে দেবে যাওয়া সেতুর সংস্কারকাজ না হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, সেতুর দেবে যাওয়া অংশে বেইলি সেতুর দুটি পাটাতন বসিয়ে সংস্কারকাজ করা হলে সেতুটি চালু থাকত।
ডাকবাংলোর সামনের সড়কের নলজুর নদের ওপর সেতুর কাজ এলজিইডি বাস্তবায়ন করেছে। তাই সংস্কারকাজ তাদের করার কথা।আক্তার হোসেন, মেয়র, জগন্নাথপুর পৌরসভা
জগন্নাথপুর পৌরসভার বাসুদেববাড়ী এলাকার বাসিন্দা রুহেল আহমেদ বলেন, ‘ডাকবাংলো সেতুটির সংস্কারকাজ না হওয়ায় প্রতিদিন স্কুল–কলেজগামী শত শত শিক্ষার্থীসহ হাজারো লোক ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এ সেতু সংস্কারকাজ শেষ না করে নলজুর নদের ওপর গুদামের সামনের সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় যানজট নিয়ে আমরা ভোগান্তিতে আছি।’
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘ডাকবাংলোর সামনের সড়কের নলজুর নদের ওপর সেতুর কাজ এলজিইডি বাস্তবায়ন করেছে। তাই সংস্কারকাজ তাদের করার কথা। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সেতুটি সংস্কার একটি প্রকল্পে অন্তর্ভুক্তির চেষ্টা করছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ‘সেতুটির অবস্থান পৌর শহরের মধ্যে থাকায় নিয়ম অনুযায়ী সেতুর সংস্কারকাজ পৌরসভা কর্তৃপক্ষ করার কথা। তারা এ কাজ না করায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন সেতু নির্মাণের জন্য কাজ করছি।’ তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রীর নির্দেশে এলজিইডি ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সমন্বয়ে স্টিলের পাটাতন এনে সংস্কারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে নলজুর নদের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তৎকালীন জাতীয় পার্টির সভাপতি হবিবপুর গ্রামের আছাব আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকড়ছই গ্রামের হারুনুর রশীদ মধ্যে সেতুর জায়গা নির্ধারণ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আছাব আলী ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত সেতুটি নিজের পছন্দের জায়গা গুদামের পাশে বাস্তবায়ন করেন। এদিকে হারুনুর রশীদ জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের নিয়ে নলজুর নদের ডাকবাংলো সড়কের পাশে সেতু নির্মাণের উদ্যোগ নেন। বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে দুই টাকা করে চাঁদা তুলে ডাকবাংলোর সামনের সড়কের নলজুর নদের ওপর সেতু নির্মাণকাজ শুরু হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ এলজিইডির মাধ্যমে সেতুর অসমাপ্ত কাজ শেষ করে সেতুটি উদ্বোধন করেন। চলতি বছরের নলজুর নদ খননকালে সেতুর পাশে খনন করায় সেতুর একপাশের দুই পিলার অংশ দেবে যায়। এ নিয়ে ৭ মে প্রথম আলোয় দেবে গেছে দুই টাকার সেতু শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।