যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে উঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের দিকের আসনে গিয়ে বসেন। বাসটি সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর ওই দুজন দ্রুত নেমে যান। এর পরই হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী।

গতকাল শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের চালকের সহকারী তানজিল প্রথম আলোকে বলেন, ওই দুই যুবক বাসটি থেকে নেমে পড়ার কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যে যেভাবে পেরেছেন, দ্রুত বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, পুলিশও আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়।

ওই দুই যুবকের সন্ধান চলছে জানিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, পথে ছদ্মবেশী দুজন বাসটিতে ওঠেন। ধারণা করা হচ্ছে, তাঁরা দাহ্য পদার্থ দিয়ে বাসটির পেছনে আগুন ধরিয়ে নেমে গেছেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস পুড়ছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: সংগৃহীত

রূপগঞ্জেও বাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছয়টি মোটরসাইকেলে করে আসা ১২ জনের একটি দল বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা এই বাসে আগুন দেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে
ছবি: প্রথম আলো

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। বাসটি দুই–তিন মাস যাবত সেখানে পড়েছিল। দুর্বৃত্তরা ছয়টি মোটরসাইকেলে করে এসেছিল। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।