কুষ্টিয়ায় নিখোঁজের পর গড়াই নদে ভাসছিল শিক্ষকের লাশ
কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর গড়াই নদে ভাসছিল এক শিক্ষকের লাশ। তাঁর নাম তারাশংকর সরকার (৪৫)। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের মঙ্গলবাড়িয়া বাঁধসংলগ্ন গড়াই নদ থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।
তারাশংকর সরকারের বাড়ি শহরের জুগিয়া কানাবিল মোড় এলাকায়। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে তারাশংকর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, তারাশংকরের পরিবার থেকে গতকাল সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ জিডির সূত্র ধরে কাজ শুরু করে। এর মধ্যে সন্ধ্যায় খবর আসে, গড়াই নদের মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় একটি লাশ ভাসছে। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। জানতে পেরে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তারাশংকরের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।