জামালপুরে জলাবদ্ধতা দূরীকরণে উদ্যোগ না নেওয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

জামালপুরে জলাবদ্ধতায় দুর্ভোগ নিরসনে ট্রেন আটকে বিক্ষোভ। রোববার দুপুরে জামালপুর শহরের শেখেরভিটা এলাকায়ছবি: প্রথম আলো

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা কয়েক সপ্তাহ ধরে জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি ওঠায় জনজীবন কার্যত বিপর্যস্ত। একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনের কাছে জানালেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শেষ পর্যন্ত ট্রেন আটকে বিক্ষোভ করেছেন। আজ রোববার দুপুরে শেখেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

বেলা ২টা ৪০ মিনিটে শহরের শেখেরভিটা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেনটি অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্রেন আটকে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখেরভিটা এলাকার তিন শতাধিক পরিবার কয়েক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এলাকার সড়ক, গলি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘরেও পানি ঢুকেছে। জলাবদ্ধতার কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকার চার শিশুকে সাপে কেটেছে।

ভুক্তভোগী বাসিন্দাদের ভাষ্য, বিষয়টি একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের প্রতিবাদে শেষ পর্যন্ত তাঁরা বাধ্য হয়ে আজ ট্রেন অবরোধ করেন।

শেখেরভিটা এলাকার বাসিন্দা আতাউর রহমান বলেন, এলাকাটি পৌর শহরের মধ্যে। অথচ তিন শতাধিক পরিবার বন্যার মতো পানিবন্দী অবস্থায় আছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এ জন্য তাঁরা ক্ষুব্ধ হয়ে আজ ট্রেন আটকে বিক্ষোভ করেন। স্থানীয় প্রশাসন দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছে। সেই অনুযায়ী কাজ না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জামালপুরের স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম প্রথম আলোকে বলেন, ‘আমি ছুটিতে আছি। শুনেছি, ওই এলাকায় সত্যিই জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে চারজন শিশুকে সাপেও কেটেছে। এলাকার পানি দ্রুত সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বড় পাইপ লাগিয়ে পানি সরানোর কাজ শুরু হয়েছে।