নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। এক পক্ষের বিরুদ্ধে গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের রাজপাড়া থানা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে ধরে পুলিশে দেওয়া নিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হকের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার পর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তাঁরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’ তিনি বলেন, ৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’

সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুল হকের চাচা রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকেরা খোঁজ নিলে জানতে পারবেন, তিনি (ইমদাদুলের চাচা) কত বড় আওয়ামী লীগার ছিলেন। ইমদাদুল যে গাড়ি ব্যবহার করেন, সেটাও তাঁর চাচার। ৫ আগস্টের পর ছাত্রদলের একজন নেতাই চাঁদাবাজির মামলা খেয়েছেন, সেটা ইমদাদুল হক।

যোগাযোগ করলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আহত ছাত্রলীগ নেতা শাহিনুর থানা হেফাজতে আছেন। তাঁর নামে থানায় মামলা আছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।