নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটি পড়ে প্রাণ গেল পথচারীর
নোয়াখালী শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় নির্মাণাধীন বিদ্যুতের লাইনের খুঁটি পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তানভীর হাসান ওরফে সবুজ (৩০)। তিনি এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।
এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. সোহান মুজাহিদ প্রথম আলোকে বলেন, তানভীর হাসান তাঁদের কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের মাঠপর্যায়ের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি নোয়াখালী শহরের সোনাপুর এলাকার বাসা থেকে অফিসে আসছিলেন। সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারদের লোকজন বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করছিলেন। ওই স্থান দিয়ে যাওয়ার সময় একটি খুঁটি তানভীরের মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটিটি পথচারী তানভীর হাসানের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রিয়াজ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।