টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলার ঘটনায় সংসদ সদস্যের বিচার দাবি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ও তাঁর অনুসারীদের দায়ী করা হয়েছে। হামলার প্রতিবাদে গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি প্রতিবাদ সভা করা হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সংসদ সদস্য জোয়াহেরুলের বিচার দাবি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাঈদ আজাদ, সাংগঠনিক সম্পাদক কে বি এম রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তারেকসহ শতাধিক নেতা-কর্মী।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বের হওয়ার পর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শওকত সিকদারের গাড়িতে হামলার ঘটনা ঘটে। শওকত সিকদার বলেন, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে একদল যুবক তাঁর গাড়িতে হামলা করেন। বিষয়টি তিনি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ দলের জ্যেষ্ঠ নেতাদের জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামী লীগ গতকাল বর্ধিত সভার আয়োজন করে। এতে বিভিন্ন আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রাপ্তরা, জেলা আওয়ামী লীগের নেতারা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
সভা চলাকালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত সিকদার বক্তব্য দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম তাঁকে ধমক দিয়ে বসতে বলেন। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সভা শেষে বের হয়ে শওকত সিকদার তাঁর জিপে ওঠার সময় একদল যুবক তাঁর দিকে ধেয়ে আসেন। এ সময় শওকত সিকদার দ্রুত গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। ওই যুবকেরা তখন গাড়িতে এলোপাতাড়ি লাথি ও হাত দিয়ে আঘাত করেন এবং গালাগাল করেন। পরে গাড়িটি দ্রুত এলাকা ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে তাঁর কোনো ইন্ধন নেই।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান। আওয়ামী লীগ নেতা শওকত সিকদার স্থানীয়ভাবে অনুপম শাহজাহানের পক্ষের নেতা হিসেবে পরিচিত।