চাঁদপুরে অন্তত ৪০ গ্রামে ঈদ আগামীকাল

ঈদের চাঁদফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৫টি গ্রামে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার লোক ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। মতলব উত্তরের ১৫টিসহ জেলার অন্তত ৪০টি গ্রামে কাল ঈদ উদ্‌যাপিত হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আগামীকাল উপজেলার পাঁচানী, আইটাদি পাঁচানী, পশ্চিম পাঁচানী, দেওয়ানজীকান্দি, সাতানি, মাথাভাঙ্গা, আইটাদি মাথাভাঙ্গা, বাহেরচর ও লতুরদিসহ মোট ১৫টি গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার লোক এ ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। ঈদের কেনাকাটাও তাঁদের প্রায় শেষ।

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের প্রয়াত পীর মাওলানা মো. ইসহাকের অনুসারী হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে সংগতি রেখে তাঁরা ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। সে অনুযায়ী জেলার ৪০টি গ্রামে তাঁর অনুসারীরা আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

উপজেলার পাঁচানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, তাঁর এলাকার লোকজনসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের মুসলমানরা আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন। এসব গ্রামের লোকজন তাঁদের আত্মীয়স্বজনকেও ঈদের আগাম শুভেচ্ছা ও দাওয়াত দিয়েছেন। ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি এখন ঘরে ঘরে।

উপজেলার মাথাভাঙ্গা এলাকার দুই বাসিন্দা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁরা আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন। এতে সুবিধা হচ্ছে, নিজেদের গ্রামে ঈদ উদ্‌যাপন করার পরের দিন আগামী শনিবারও আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আবার ঈদের আনন্দ উপভোগ করা যাবে। প্রায় ৭০ বছর ধরে তাঁরা এ রীতিতে ঈদের উৎসব উপভোগ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মণি বলেন, তাঁর উপজেলার কয়েকটি গ্রামে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে জেনে ভালো লাগছে। এসব গ্রামের লোকদের জন্য রইল আগাম ঈদের শুভেচ্ছা।