রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রুয়েটে চারটি আবাসিক হলে চালু হয়েছে রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকাছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষামূলকভাবে রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয়েছে। এর মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সম্ভাব্য সমাধান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন নির্মিত চারটি আবাসিক হলের মধ্যে ছেলেদের দুটি এবং মেয়েদের দুটি হলে এটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি আবাসিক হল, কোয়ার্টার, একাডেমিক ও প্রশাসনিক ভবনে নিরাপদ পানির এই প্ল্যান্ট বসানো হবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। দপ্তরের পরিচালক অধ্যাপক এইচ এম রাসেল বলেন, উপাচার্যের নির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে প্ল্যান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির সমস্যা সমাধানে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রকল্পটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রিভার্স ওসমোসিস প্রযুক্তির মাধ্যমে বিশেষ ঝিল্লি ব্যবহার করে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ ও আয়রনসহ বিভিন্ন অমেধ্য অপসারণ করা হয়। ফলে এ পদ্ধতিতে বিশুদ্ধ, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়।

এদিকে শিক্ষার্থীরা উদ্যোগটিকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক হলে পানির মান নিয়ে ভোগান্তি ছিল। এই প্ল্যান্ট চালু হলে নিরাপদ পানি পাওয়া যাবে। পাশাপাশি দ্রুতই অন্য হল ও স্থাপনাতেও এ সুবিধা সম্প্রসারণের দাবি জানান তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘রুয়েটের আবাসিক হলগুলোতে অতীতে আয়রনযুক্ত অপরিষ্কার পানির কারণে নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়েছি। যার মধ্যে ত্বক ও চুলের সমস্যা অন্যতম। রুয়েট প্রশাসনের এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির জায়গাটি দূর হবে।’