ভৈরব বাসস্ট্যান্ড
ফুটপাত দখলমুক্তের এক দিন পরই কিছু অংশ দখল
অনেকে আবার দখল করেছেন। অনেকে অপেক্ষায় আছেন। অনেকে ফুটপাত থেকে আংশিক সরে গিয়ে দোকান খুলে বসতে শুরু করেছেন।
ফুটপাতের ওপর কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার লিটন মিয়ার ফলের দোকানটি সাত বছর ধরে চলছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে শতাধিক দোকান ও স্থাপনার মধ্যে তাঁর দোকানটি ছিল। মরে গেলেও আর কোনো দিন ফুটপাতে দোকান করবেন না অঙ্গীকার করে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এড়িয়েছিলেন তিনি।
সেই লিটন অঙ্গীকারের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই গতকাল শুক্রবার ফের ওই স্থানে ফলের পসরা সাজিয়ে বসেছেন।
উচ্ছেদের পর আবার কেন একই স্থানে, এমন প্রশ্নে যুক্তির অন্ত নেই লিটনের। লিটন বলেন, জায়গাটিতে তিনি এমনিতেই বসেননি। টাকার বিনিময়ে বসেছেন। বসার জন্য তাঁকে দিনে ৫০০ টাকা গুনতে হয়। কখনো কখনো গুনতে হয় অগ্রিম। চলতি মাসের শেষ দিন পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়ে গেছে। ফলও রয়ে গেছে। কয়েক দিনের মধ্যে বিক্রি করতে না পারলে পচন ধরবে। দুই দিকের ক্ষতি এড়াতে দোকান নিয়ে বসা ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
গতকাল বেলা আড়াইটার দিকে গিয়ে দেখা যায়, লিটনের মতো আরও অনেকে ফুটপাতে আগের অবস্থানে দখল নিয়েছেন। অনেকে দখল প্রতিষ্ঠার অপেক্ষায় আছেন। আবার অনেকে ফুটপাত থেকে আংশিক সরে গিয়ে দোকান খুলে বসতে শুরু করেছেন।
পাদুকা ব্যবসায়ী হাবিব মিয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। দিনের একটি সময় তাঁর বাসস্ট্যান্ড এলাকায় কাটে। উচ্ছেদ অভিযান নিয়ে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা এমন, উচ্ছেদের পরদিন ২০ ভাগ, তিন দিনের ব্যবধানে ৫০ ভাগ এবং এক সপ্তাহের মধ্যে সবকিছু আগের অবস্থানে চলে যায়। শেষে ফলাফল অশ্বডিম্ব। এবারের উচ্ছেদের পরদিনের চিত্র আগের দৃশ্য মনে করিয়ে দেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখযোগ্য বাসস্ট্যান্ডের মধ্যে ভৈরব একটি। ভৈরব বাসস্ট্যান্ড থেকে আরও একটি সড়ক ময়মনসিংহ গিয়ে যুক্ত হয়েছে। এটি ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক হিসেবে পরিচিত। নানা কারণে এ বাসস্ট্যান্ডের সচলতা বেশি। কয়েক বছর ধরে দিনের বেশির ভাগ সময় এ বাসস্ট্যান্ডে যানজট লেগে থাকে। বাসস্ট্যান্ড এলাকার এক কিলোমিটার পথ কখনো কখনো ৩০ মিনিটের আগে অতিক্রম করা সম্ভব হয় না। এতে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
স্থায়ী যানজটের মূল কারণ বাসস্ট্যান্ডের ‘দুর্জয় ভৈরব’ চত্বর লাগোয়া স্থানের এক পাশের ফুটপাতে বিভিন্ন পরিবহনের অন্তত ১৫টি কাউন্টার। কাউন্টারের সামনে সময় নিয়ে বাস থেমে থাকা। এই স্থানে থেমে যাত্রী ওঠানামা করা। প্রান্তটির ফুটপাতের দুই পাশে অর্ধশত ফলের দোকান। দুই পাশে দোকান থাকায় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এতে যানজট লেগে থাকে।
অচলাবস্থা নিরসনে নানা সময় স্থানীয় সমাজ সচেতনদের কাছ থেকে দাবি ওঠে। শেষে উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন। সহযোগিতা করেন র্যাব, হাইওয়ে পুলিশ, পৌর পরিষদ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা। অভিযানে অর্ধশত ফলের দোকান উচ্ছেদ করা হয়। কিছু স্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। দশের অধিক বাস কাউন্টার সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ হয়।
উচ্ছেদ করা হয় সিয়াম হোসেন নামে এক যুবকের ফলের দোকান। গতকাল তিনিও একই স্থানে ফল সাজিয়ে বসেছেন। শ্যামল ছায়া পরিবহন, কাজী পরিবহন ও উত্তরা পরিবহনের কাউন্টার আগের দিন উচ্ছেদ হলেও গতকাল কার্যক্রম চালায় আগের স্থানেই।
কাজী পরিবহনের কাউন্টার ইনচার্জ রিয়াজ মিয়ার ভাষ্য, ‘দূরে বসে টিকিট বিক্রি হয় না। এ জন্য ফুটপাতে আসতে হলো।’
উচ্ছেদের সময় সাংগঠনিকভাবে সহযোগিতার হাত বাড়ান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সদস্যরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন জানান, বাসস্ট্যান্ডে রামরাজত্ব চলছে। একজন বৈধ দোকানি অবৈধভাবে ফুটপাত ভাড়া দিয়ে প্রতি দোকানির কাছ থেকে দিনে এক হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। এতে গতিশীল মহাসড়কটি বাসস্ট্যান্ডে এসে মন্থর হয়ে পড়ছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন বলেন, আশ্চর্য ব্যাপার হলো বাসস্ট্যান্ডের ফুটপাত ফুট হিসেবে ভাড়া চলে। লাভের কারণে দখলদারেরা ফুটপাতের এক ইঞ্চি জায়গাও জনগণের জন্য উন্মুক্ত রাখেননি। এটি এ মহাসড়কের জন্য বড় সমস্যা। সমস্যার সমাধান করতেই হবে। ফের দখল হওয়ার তথ্যও তাঁর জানা আছে। এ ক্ষেত্রে তাঁর ভাষ্য, যতবার দখল, ততবার উচ্ছেদ—এটাই হবে এবারের অভিযানের মূল বিশেষ্যত্ব।