ছিনতাইয়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের প্রতিবাদে মঙ্গলবার রাত ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রতিবাদে রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ অবরোধ। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাস পেয়ে রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

অবরোধকালে শিক্ষার্থীদের দাবিগুলো ছিল সিঅ্যান্ডবি থেকে বিশমাইল এলাকায় চেকপোস্ট স্থাপন, ছিনতাইকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে পর্যাপ্ত লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।

ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন শান্ত চন্দ্র শীল। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী। শান্ত চন্দ্র শীল বলেন, ‘সাভার থেকে রিকশায় ক্যাম্পাসে আসার সময় সিঅ্যান্ডবি মোড়ে পৌঁছালে তিনজন চাপাতি নিয়ে হামলা করে। আমিসহ রিকশায় আরেকজনের ওপর আক্রমণ চালায়। মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চাইলে আমি বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার হাতে কোপ দেয়। আমার আঙুলে জখম হয়েছে।’

ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টরসহ নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। এর প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন সাভার হাইওয়ে থানা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। শিক্ষার্থীরা বেশ কিছু দাবি জানান। পুলিশ কর্মকর্তারা দাবিগুলো মেনে নিলে শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেন।’

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনেছি। তাদের দাবিগুলো মেনে নিয়েছি। সেগুলো দ্রুত বাস্তবায়নে সাভার মডেল থানার সঙ্গে কথা বলে যৌথভাবে কাজ করা হবে।’