শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ, গেটম্যান বরখাস্ত

দুর্ঘটনায় ট্রাক্টরটির সামনের ইঞ্জিন অংশ সম্পূর্ণ ভেঙে গিয়ে পেছনের মালবাহী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সোমবারছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে সময়মতো গেট না ফেলায় ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাড়াউড়া চা–বাগান এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক্টরচালক আবদুল কাইয়ুম টিটু গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় ট্রাক্টরটির সামনের ইঞ্জিন অংশ সম্পূর্ণ ভেঙে গিয়ে পেছনের মালবাহী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজনের মতে, ট্রাক্টরটি যদি রেললাইনের মাঝখানে অবস্থান করত, তাহলে কালনী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে পারত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা–বাগানের দিকে যাচ্ছিলেন চালক টিটু। ট্রাক্টরটি রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

ইস্পাহানি জেরিন চা–বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পেলেও আহত হন। পরে তাঁকে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না। গেট নামানো না থাকায় ট্রাক্টরটি ক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে অস্থায়ী গেটম্যান ইমরুলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে ওই গেটম্যান পলাতক। এ ঘটনায় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাক্টরটি যদি রেললাইনের মাঝখানে আটকে যেত, তাহলে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। সৌভাগ্যবশত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।