খুলনায় দুই পুলিশ হত্যা: ১৯ বছর পর রায়ে খালাস পেলেন সবাই
খুলনায় বোমা মেরে দুই পুলিশ সদস্যকে হত্যা করার ঘটনায় করা বিস্ফোরক মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এই রায় ঘোষণা করেন। ২০০৩ সালের ১১ মার্চ খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করার সময় বোমা মেরে ওই দুই পুলিশ সদস্যকে হত্যা করেন সন্ত্রাসীরা।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল হোসেন। তিনি বলেন, ঘটনার দিন পুলিশ সদস্য শরিফুল, রমেশচন্দ্র, নিজাম উদ্দিন ও মনিরুজ্জামান নগরের পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। রাত আটটার দিকে অতর্কিতে তাঁদের ওপর বোমা হামলা করে দুর্বৃত্তরা। বোমার আঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামানের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাঁদের অবস্থা মারাত্মক সংকটাপন্ন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা রমেশ চন্দ্রের শটগান ও সাতটি গুলি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অন্য পুলিশ সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও রমেশচন্দ্রকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। সর্বশেষ ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর আসামি আবদুর রশিদ মালিথা, মিলন, কামাল, বিপ্লব, শেখ শাহাদাৎ হোসেন, আসাদুজ্জামান, একরাম হোসেন, রিয়াজুল হক ও রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই থানার তৎকালীন এসআই অরবিন্দু বিশ্বাস। মামলা চলাকালে ৯ আসামির মধ্যে রিয়াজুল হক মারা যাওয়ায় তাঁকে আসামির নাম থেকে বাদ দেওয়া হয়। বাকি আট আসামিকে আজ খালাস দেওয়া হয়েছে।