বগুড়ায় জনাকীর্ণ রাস্তায় মোটরসাইকেল থামিয়ে গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম ওরফে পান্নাকে (৬৫) ছুরিকাঘাতে হত্যা মামলার একমাত্র আসামি খায়রুল ইসলাম ওরফে খায়রুল মেহেন্দি (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার ঈদের দিন বগুড়ার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেন। জবানবন্দিতে খায়রুল ইসলাম উল্লেখ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করেছেন।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপরিদর্শক জুম্মান শেখ প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তিতে আসামি উল্লেখ করেছেন, জায়গাজমি নিয়ে বিরোধের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আদালতে তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তে তাঁর দেওয়া তথ্য অসত্য প্রমাণ হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আসামি খায়রুল খুনের দায় স্বীকার করলেও কাকে খুন করেছেন, তাঁর নামটাও বলতে পারছেন না বলে দাবি করেছেন মামলার বাদী আবু রেজা আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে কারও কোনো বিরোধ ছিল না। আসামি আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন। পুলিশ সুপারের সঙ্গে দেখা করে হত্যাকাণ্ডের নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য অনুরোধ করেছি। আমি আমার বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু নির্দোষ একজন মানুষকে ঈদের আগের রাতে এভাবে রোমহর্ষকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণটা জানতে চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।’
আবু রেজা আল মামুন আরও বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধ থাকলে আসামি (খায়রুল) আমার বাবার নামটা অন্তত জানতেন। শুরু থেকেই তিনি খুনের দায় স্বীকার করলেও কাকে খুন করেছেন, তাঁর নামটাও বলতে পারছেন না। এতে বোঝা যায়, গ্রেপ্তার ব্যক্তিকে ভাড়াটে খুনি হিসেবে কেউ ব্যবহার করেছেন। এখন নেপথ্যের সেই ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব পুলিশের।’
গত শুক্রবার চাঁদরাতে পৌনে ১২টার দিকে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর খায়রুল ইসলাম নামের ওই ব্যক্তি রক্তমাখা ছুরি উঁচিয়ে ব্যস্ত সড়ক দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। এ সময় তাঁকে আটকাতে গিয়ে ছুরিকাঘাতে জখম হন এক পথচারী এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য। পরে ডিবি পুলিশ ও লোকজন ধাওয়া করে ছুরিসহ খায়রুলকে আটক করেন।
হত্যাকাণ্ডের শিকার রেজাউল করিমের বাড়ি বগুড়া শহরের মধ্য ফুলবাড়ী এলাকায়। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। অন্যদিকে রক্তমাখা ছুরিসহ আটক খায়রুলের বাড়িও মধ্য ফুলবাড়ী এলাকায়। তিনি একসময় স্বর্ণকার ছিলেন। ছুরিকাঘাতে আহত তিনজন হলেন পথচারী আবদুর রউফ, ডিবি পুলিশের কনস্টেবল শাহাদাৎ হোসেন ও গোলাম কিবরিয়া। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডে একজনই অংশ নিয়েছেন। পরে তাঁকে আসামি করে অধ্যাপক রেজাউল করিমের ছেলে আবু রেজা আল মামুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রমজান মাসে ৯ দিন ধরে তাঁর এলাকার একটি মসজিদে ইতিকাফে ছিলেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে কাজ সারতে মোটরসাইকেল চালিয়ে শহরের সাতমাথায় আসেন। তিনি সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ছালামত উল্লাহর সঙ্গে দেখা করেন। এরপর কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে ফুলবাড়ীর দিকে বাসায় ফিরছিলেন। বগুড়া সদর থানার সামনে ছুরি হাতে খায়রুল ইসলাম মোটরসাইকেল থামিয়ে পথরোধ করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই রেজাউল করিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় পথচারীরা তাঁকে আটক করতে গেলে প্রথমে ছুরি হাতে ভয় দেখান খায়রুল। তাঁকে ধাওয়া দিলে একজন পথচারী ও ডিবি পুলিশের দুজন কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে খায়রুলকে আটক করেন পুলিশ ও স্থানীয় লোকজন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ছুরিকাঘাতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে রেজাউল করিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা শাখা। সংগঠনের সভাপতি এ টি এম মাহবুবুল আলম হান্নান ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এক বিবৃতিতে বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে সাবেক একজন অধ্যক্ষকে এভাবে থানার সামনে মোটরসাইকেল থামিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।