ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি, বেড়েছে খরচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে। এ কারণে বাসে ভিড় বেড়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু রেলসংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আজ রোববার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে নারায়ণগঞ্জ থেকে যাত্রীদের বাধ্য হয়ে বাসে করে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।

এতে একদিকে যেমন যানজটে পড়ে ভোগান্তি হচ্ছে, অন্যদিকে বাসে ভাড়া কয়েক গুণ বেশি লাগায় নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীরা চাপে পড়েছেন। এ অবস্থায় যাত্রীরা বিআরটিসি বাসের ভাড়া কমিয়ে গাড়ির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণের কাজ চলছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুত এই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল কত দিন বন্ধ থাকবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এ কাজ শেষ করতে সাড়ে তিন মাস লাগতে পারে।

রেলওয়ে নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস মহামারি শুরুর আগে এ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করত। করোনার কারণে তা ৮ জোড়ায় নামিয়ে আনা হয়েছিল। আজ থেকে ট্রেন চলাচল স্থগিত করা হলো। অফিসগামী ও অফিস শেষে ঘরমুখী মানুষ এই ট্রেনগুলোতে বেশি যাতায়াত করেন। এ ক্ষেত্রে ট্রেনের ভাড়া নেওয়া হয় জনপ্রতি ১৫ টাকা।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের কাউন্টারগুলো শহরের চাষাঢ়ায়। এসব কাউন্টার থেকে যাত্রীরা নন-এসি উৎসব, বন্ধন, হিমাচল, বিআরটিসি এবং শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস শীতল পরিবহনে করে রাজধানীতে যাতায়াত করেন। এর মধ্যে নন-এসি বিআরটিসি বাসের ভাড়া ৫০ টাকা এবং নন-এসি অন্যান্য বাসের ভাড়া ৫৫ টাকা। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া যাত্রীপ্রতি ৮০ টাকা।

আরও পড়ুন

নিয়মিত ট্রেনে যাতায়াত করে আসছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ সকালে বাসে করে ঢাকায় যান মহিউদ্দিন। তিনি বলেন, ‘বাসে করে ঢাকায় যাতায়াত করতে ট্রেনের চেয়ে সাড়ে তিন গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। জ্যামেও পড়তে হবে। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারব না। চাষাঢ়া থেকে সাইনবোর্ড অংশ পার হতেই এক থেকে দেড় ঘণ্টা লেগে যাবে।’

একটি কারখানার মালামাল নিয়ে সদরঘাট যাচ্ছিলেন কাদির মিয়া। তিনি বলেন, ট্রেনে মালামাল পরিবহনের জন্য ভাড়া দিতে হতো না। বাসে এ জন্য দুটি টিকিট কিনতে হয়েছে। নিম্ন আয়ের মানুষের যাতায়াতের কথা চিন্তা করে  সরকারের কম ভাড়ায় বিকল্প গণপরিবহন চালু করা দরকার। এ ক্ষেত্রে আরও বিআরটিসি বাস নামানো যেতে পারে।

শহরের চাষাঢ়া এলাকায় গিয়ে কাউন্টারগুলোর কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উৎসব পরিবহনের ৬০টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। অন্যান্য দিন এই সময়ে ৪০-৫০টি বাস নারায়ণগঞ্জ ছাড়ে। বাসগুলোতে যাত্রী আগের তুলনায় বেড়েছে জানিয়ে উৎসব পরিবহনের চাষাঢ়া কাউন্টারের সুপারভাইজার মো. আদর বলেন, বাসগুলো সব আসন ভরে ঢাকায় যাচ্ছে। তবে কিছু যাত্রী ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা করেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি ১৫টি দোতলা বাস চলাচল করে। বিআরটিসিতে যাত্রীপ্রতি ভাড়া ৫০ টাকা। বিআরটিসির চাষাড়া কাউন্টারের সুপারভাইজার মো. শাকিল মিয়া বলেন, তাঁদের ৭৬ সিটের বাসে ৪০ থেকে ৫০ জন করে যাত্রী হচ্ছে।

অন্যদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে একমাত্র শীতাতপনিয়ন্ত্রিত বাস শীতল পরিবহনের যাত্রীপ্রতি ভাড়া ৮০ টাকা। আজ ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ পরিবহনের ১৩টি বাস ঢাকায় ছেড়ে যায়। এই পরিবহনের চাষাড়ার ব্যবস্থাপক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকলেও তাঁদের এসি বাসে যাত্রী বাড়েনি।

এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ট্রেন চলাচল সাড়ে তিন মাস বন্ধ রাখলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে কম সময়ে কাজ শেষ করার জন্য রেলওয়ের প্রতি আহ্বান জানাই।’