কুড়িগ্রামে সার নিয়ে বিতর্ক, জেলা কৃষি বিভাগের শীর্ষ এক কর্মকর্তাকে বদলি

কুড়িগ্রামের রাজীবপুরে পরিবেশকের সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা করেন ক্ষুব্ধ কৃষকেরা। ১৬ সেপ্টেম্বর সকালে রাজিবপুর বাজারেফাইল ছবি : প্রথম আলো

কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক–ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে আজ বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহের বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

আবদুল্লাহ আল মামুনের জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে গতকাল কুড়িগ্রাম ছেড়ে গেছেন।

আবদুল্লাহ আল মামুনের জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

কুড়িগ্রামে চলতি মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন এলাকায় সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিতরণের ব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠে। এসব ঘটনায় কৃষকদের ভোগান্তির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন