ধর্ষণের পর নারীকে হত্যার ঘটনায় এক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় ধর্ষণের পর ঘটনাটি ফাঁস হওয়ার ভয়ে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি আজ শনিবার আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার পাথালিয়া এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জিজ্ঞাসাবাদের জন্য বাকি তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার চার আসামি হলেন সিরাজগঞ্জের সোলাইমান হোসেন (৩৬), আল-আমিন (৩৫), সাব্বির ইসলাম (১৮) ও ফরিদপুরের মো. মনিরুজ্জামান (৩৫)। তাঁরা সবাই আশুলিয়ার খেজুরটেক এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ওই নারী (৪২) সাভারের একটি ভাঙারি দোকানে কাজ করতেন। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার নয়ানগর এলাকায় গণবিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার উত্তরা কার্যালয় থেকে ময়নাতদন্তের জন্য নিহত নারীর লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত নারীর ছেলে বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। গতকাল আশুলিয়ার পাথালিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আজ দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান আসামি সোলাইমান হত্যার কথা স্বীকারে করেন। ধর্ষণের পর ঘটনা ফাঁস হওয়ার ভয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে আদালতের বিচারকের কাছে তিনি স্বীকারোক্তি দেন।

এ ছাড়া বাকি তিন আসামির প্রত্যেককে চার দিন করে রিমান্ড আবেদন করলে একই আদালতের বিচারক দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।