‘আমার লাশটি জন্মভূমি সেন্ট মার্টিনে বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও’
মাত্র ৩৩ বছর বয়স আবদুল মালেকের। দ্রুত মৃত্যু হতে পারে, এমন কোনো আশঙ্কা ছিল না টগবগে এই তরুণের। ছিল না কোনো অসুখ-বিসুখ। তবু নিজের ফেসবুকের বায়োতে লিখেছিলেন, ‘মৃত্যুর পর আমার লাশটি জন্মভূমি সেন্ট মার্টিনে বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও।’ কে জানত, তাঁর অন্তিম ইচ্ছা পূরণ হয়ে যাবে এভাবে।
আজ বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুল মালেকের মৃত্যু হয়। তাঁর বাড়ি সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায়। তিনি সেখানকার সি-প্রবাল নামে একটি রিসোর্টের মালিক ছিলেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করে জড়িত হন পর্যটন ব্যবসা, সাংবাদিকতা ও কনটেন্ট তৈরির কাজে। কয়েক দিন পর সৌদি আরবে পাড়ি জমানোর কথা ছিল তাঁর।
পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে আবদুল মালেকের শেষ ইচ্ছা অনুযায়ী লাশ সড়কপথে টেকনাফ এবং সেখান থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারে সেন্ট মার্টিন দ্বীপে নেওয়া হবে। তারপর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
আবদুল মালেকের বাড়ি সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায়। তিনি সেখানকার সি-প্রবাল নামে একটি রিসোর্টের মালিক ছিলেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করে জড়িত হন পর্যটন ব্যবসা, সাংবাদিকতা ও কনটেন্ট তৈরির কাজে। কয়েক দিন পর সৌদি আরবে পাড়ি জমানোর কথা ছিল তাঁর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, আজ বেলা তিনটার দিকে বাংলাবাজার এলাকায় অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অটোরিকশার যাত্রী আবদুল মালেককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, আবদুল মালেক সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে রামুর জোয়ারিয়ানালা বিকেএসপি প্রশিক্ষণকেন্দ্রে তিন দিনের প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। আজ বেলা দুইটার দিকে প্রশিক্ষণ শেষ হয়। এরপর সিএনজিচালিত অটোরিকশায় উঠে তিনি কক্সবাজার শহরের দিকে আসছিলেন। অটোরিকশায় আরও তিনজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি বেলা তিনটার দিকে বাংলাবাজার এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে। তাতে আবদুল মালেকসহ অটোরিকশার তিনজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে মালেকের মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, নিহত আবদুল মালেকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।