ময়মনসিংহে ক্রিকেট খেলতে নিষেধ করায় কিল–ঘুষি, দোকানি নিহত, গ্রেপ্তার ৬

মরদেহপ্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় টংদোকানের পাশে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মারা যান দোকানি। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বগিরপাড়া এলাকায় এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত দোকানির নাম ফখর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রামে নিজ বাড়ির পাশে ফখর উদ্দিন একটি টংদোকান বসিয়ে সেখানে চা বিক্রি করেন। কিন্তু ঈদ ‍উপলক্ষে বাড়ি আসা তরুণদের একটি দল দোকানের পাশে বাঁশঝাড়ে ক্রিকেট খেলা শুরু করে। কিছু সময় পরপর ক্রিকেট বল দোকানের চাল ও বেড়ায় এসে পড়ছিল। গতকাল সকালে এখানে খেলতে নিষেধ করেন ফখর উদ্দিন। এ বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তরুণদের দলটি চলে গেলে বিকেল চারটার দিকে আবার সেখানে তারা ক্রিকেট খেলতে আসে। এ সময় আবার দোকানঘরে বল এসে আঘাত করায় ফখর উদ্দিন খেলা বন্ধ করতে বলায় তরুণদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানিকে কিল–ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় ওই দোকানির ছেলে ও স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে দোকানিকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় সাত–আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নূর ইসলাম (২২), মো. শাহাদাত হোসেন (২৫), লাইলী বেগম (৪৯), মনোয়ারা খাতুন (৪০), রাবিয়া খাতুন (৪০) ও নূর জাহান (৪৫)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, দোকানের পাশে ক্রিকেট খেলায় বল এসে দোকানির টিনের চালে পড়ত। সে জন্য খেলতে নিষেধ করায় হাতাহাতি ও কিল–ঘুষিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুরতহালে বাহ্যিক কোনো আঘাত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।