তাড়াশে প্রায় ৪ মাস পর ইজিবাইকচালক হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের তাড়াশে ইজিবাইকচালক ইসলাম সরকারকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলাম সরকারকে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইসলাম সরকারকে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে ইছা সরকার (৩০), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন ওরফে টুটুল (৩০) ও মৃত খোকা সরকারের ছেলে ছুরত আলী সরকার (৪০)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পিবিআই।
পিবিআই জানায়, ইসলাম সরকার গত ২৫ মে ভোরবেলা তাঁর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে তাড়াশ উপজেলার বারুহাস বাজারে যান। ওই দিন রাত নয়টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় ইসলাম সরকারের পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে তাড়াশ বাজার থেকে বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুরের মাঝখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ইসলাম সরকারের ইজিবাইকটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মামলার তদন্ত চলাকালে মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন। পরে মামলা তদন্তের জন্য তাড়াশ উপজেলার বারুহাস বাজারের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পিবিআই। পরে তথ্যপ্রযুক্তি ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় পিবিআই তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর পূর্বপাড়া গ্রাম থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়। আসামিরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।