কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারির পর বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি বাতিল
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে প্রশাসনের ১৪৪ ধারা জারির পর নিজ নিজ কর্মসূচি বাতিল করেছে বিএনপি ও ছাত্রলীগ। আজ রোববার সকাল থেকে কাপ্তাই উপজেলা সদরসহ কোথাও দুই পক্ষের নেতা–কর্মীরা মাঠে নামেননি। তবে পুলিশ সদস্যরা ভোর থেকেই রাজপথে থাকায় যান চলাচলসহ সবকিছু অনেকটা স্বাভাবিক ছিল।
এর আগে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল উপজেলা বিএনপি। একই সময় উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয়। এমন অবস্থায় গতকাল শনিবার রাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আজ সকাল ৬টায় শুরু হওয়া ১৪৪ ধারা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ও একই স্থানে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল কর্মসূচি পালন করলে জনজীবনে অসুবিধা হতে পারে। শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ প্রথম আলোকে বলেন, প্রশাসনের ১৪৪ ধারার কারণে কর্মসূচি বাতিল করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের বিষয়ে প্রশাসনকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু একই স্থানে সরকারি দলের একটি সংগঠন সমাবেশের ডাক দিয়েছে। এটি অগণতান্ত্রিক আচরণ। কর্মসূচির বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানের ফাঁসির দাবিতে তাঁরা আগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। কিন্তু একই জায়গায় একই দিনে বিএনপি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাঁরা সমাবেশ করছেন না।
ইউএনও মুনতাসির জাহান প্রথম আলোকে বলেন, একই স্থানে দুই দল সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।