আম্পানের পর থেকে কয়রার ৭ কিলোমিটার সড়কে চলাচল বন্ধ
সড়কটির মধ্যখানে ভেঙে খাল সৃষ্টি হওয়ার কারণে যাতায়াত সম্ভব হচ্ছে না। সড়কের ভাঙা ওই স্থানে পানি থই থই করছে।
খুলনার কয়রা উপজেলা সদর থেকে কাশিরহাট অভিমুখে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ৭ কিলোমিটার সড়কটি দিয়ে তিন বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে স্রোতের তোড়ে সড়কটি ভেঙে যায়। তখন থেকে এর মাঝ দিয়ে একটি খাল তৈরি হয়। এরপর সড়কটি আর মেরামত করা হয়নি। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ উপজেলার তিনটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ও পাতাখালী এলাকার মানুষের কয়রা সদরে আসতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সড়কের কপোতাক্ষ কলেজ মোড় থেকে উত্তর বেদকাশি ইউনিয়নের কাশিরহাটখোলা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটির মধ্যখানে ভেঙে খাল সৃষ্টি হওয়ার কারণে যাতায়াত সম্ভব হচ্ছে না। সড়কের ভাঙা ওই স্থানে পানি থই থই করছে। যে কারণে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। এ ছাড়া সড়কটির বাকি অংশেও পিচ-খোয়া উঠে গিয়ে দেখে চেনার উপায় নেই যে এটি পাকা সড়ক নাকি কাঁচা রাস্তা। রাস্তাজুড়ে ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে। চারপাশে এখন ধুলার রাজত্ব। আশপাশের ঘরবাড়ি, দোকান আর গাছপালাও সড়কের লাল ধুলায় ছেয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটির ভাঙা অংশ তিন বছরেও মেরামত না হওয়ায় লোকজনকে কয়রা সদরে আসতে হয় ১০ কিলোমিটার ঘুরে। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলেও রাস্তা ভালো করাতে পারেননি। ফলে কয়রা ও শ্যামনগর উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সওজ সূত্রে জানা যায়, সড়কটি আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সেখানে সংস্কারকাজ চলছিল। জেলা মহাসড়ক যথাযথ মান ও উন্নীতকরণ (খুলনা জোন) প্রকল্পের আওতায় ২০১৯ সালে কয়রা-কাশিরহাটখোলা-নোয়াবেকি-শ্যামনগর সড়ক সংস্কারে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালের ২৬ মে কার্যাদেশ পেয়েও যথাসময়ে কাজ শুরু করেনি প্রতিষ্ঠানটি। ২০২০ সালের মে মাসে কাজ চলা অবস্থায় দুর্যোগের কবলে পড়ে সড়কটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেলে কাজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সাইটে রাখা মালামাল ও ক্ষতিগ্রস্ত কাজ দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলে ১০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। পরে দরপত্রটি বাতিল করা হয়।
সওজের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, ওই সময়ে সড়ক সংস্কারের জন্য ঠিকাদারের কাজ চলমান অবস্থায় দুর্যোগে পড়ে। পরে দরপত্রটি বাতিল করা হয়। বর্তমানে সড়কটি নতুন করে নির্মাণের জন্য প্রাক্কলন ও নকশা প্রস্তুত করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। বর্তমানে সড়কটি পুনর্নির্মাণের প্রস্তাব একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সড়কের কাশিরহাট অংশ দিয়ে নিয়মিত যাতায়াত করেন বেদকাশি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। তারা জানায়, সড়কটি পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ অবস্থায় আম্পানে তলিয়ে যায় এলাকা। সেই থেকে ভাঙাচোরা সড়কের কারণে গ্রামের অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না। এ কারণে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।
কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা বলেন, সড়কটির ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া অংশ মেরামত না হওয়ায় অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরতে হচ্ছে। বয়স্ক ব্যক্তিরা এ সড়কে চলাচল করলে অসুস্থ হয়ে পড়েন। সড়ক দিয়ে কোনো যানবাহন গেলেই ধুলায় অন্ধকার হয়ে যায় চারদিক। শ্বাস নিতেও কষ্ট হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, ‘আম্পানে সড়কটির বিচ্ছিন্ন হওয়া স্থান মেরামত না হওয়ায় মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। আমাকে ইউনিয়নের বাসিন্দারা বলছেন, আমিও ওপর মহলে সড়ক দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছি। তবে কাজ হচ্ছে না।’