এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজধানীর মুগদা মদিনাবাগ এলাকার মো. আরিফ ও ফরিদপুরের মো. মামুন। তাঁদের দুজনের বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে মোটরসাইকেলে করে আরিফ ও মামুন ঢাকার দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মোটরসাইকেলটি কেওয়াটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনের মরদেহ উদ্ধার করেন।