রাতে জামাতা বললেন, ‘আপনার মেয়েকে মারতে মারতে মেরে ফেলব’, সকালে মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মনিরা খাতুন গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর বাবাকে ফোন করে বলেন, ‘বাবা এরা আমাকে মেরে ফেলবে। আমাকে এসে নিয়ে যাও, আমাকে বাঁচাও।’ এমন কথা বলতেই মেয়ের জামাতা ফোন কেড়ে নিয়ে বললেন, ‘আমার ২০ হাজার টাকা দরকার। কোথায় পাবেন, তা জানি না। টাকা দেন, না হলে আপনার মেয়েকে মারতে মারতে মেরে ফেলব।’

রাতে এমন কথার পর আজ রোববার সকালে পাওয়া গেল মেয়ের লাশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে মনিরা খাতুন ওরফে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মেয়েটির বাবা মনিরুল ইসলামের দাবি, তাঁকে মেরে ফেলা হয়েছে।

এদিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে মনিরার স্বামী সজীব মোল্লা (২৮), সজীবের বাবা শরিফ মোল্লা (৪৭) ও মা রাজেনা খাতুন (৪২) পলাতক।

পুলিশ ও নিহত মনিরার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে নওদা আজমপুর এলাকার সজীব মোল্লা ওরফে অনিকের সঙ্গে মনিরার বিয়ে হয়। সংসারে তিন বছর ও আট মাস বয়সী দুই মেয়ে আছে। বিয়ের কিছুদিন পর মনিরার দিনমজুর বাবা মনিরুল ইসলাম মেয়ের জামাতাকে যৌতুক হিসেবে এক লাখ টাকা দেন। এর কিছুদিন পর টাকা চাইলে আরও ৮০ হাজার টাকা দেন। সজীব মোল্লা বেকার। টাকার জন্য মনিরাকে মারধর করেন। একাধিকবার বাবার বাড়িতে চলেও যান মনিরা।

নিহত মনিরার বাবা মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কথা প্রায়ই শুনতেন। কয়েক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বিকেলে মনিরাকে মারধর করা হয়েছে। প্রতিবেশীরা এতে বাধা দেন। পরে রাতে আবার চিৎকার–চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা। রাত আটটার দিকে মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয় তাঁর। আর আজ সকালে তাঁকে জানানো হয়, তাঁর মেয়ে নাকি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। দ্রুত সেখানে গিয়ে মেঝেতে মেয়ের লাশ দেখতে পান তিনি।

আক্ষেপ করে মনিরুল আরও বলেন, ‘গতকাল রাতে যদি মেয়েকে নিয়ে যেতাম, তাহলে আজ হয়তো তার লাশ দেখতে হতো না। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। জড়িত সবার ফাঁসি চাই।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন পলাতক। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।