উজিরপুরে বিএনপির ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

বরিশালের উজিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রাতেই ধামুরা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সোহান হোসেন ঢালী (৪০) ও রাজীব মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহান হোসেন ঢালী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের বড় ভাই।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার-ধামুরা সড়কের খোলনা ফোরকানিয়া মাদ্রাসার সামনে ৮ ডিসেম্বর রাতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ওই রাতেই উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব হোসেন বাদী হয়ে সোহান হোসেন ঢালী, শোলক ইউনিয়ন বিএনপির সদস্য রাজীব মজুমদারসহ বিএনপির ৫৪ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।

উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাজেদ তালুকদার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা রাতের আঁধারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশকে দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা করিয়েছে।