ভাঙ্গা আওয়ামী লীগ
‘আ.লীগে আছি, নিক্সনেও আছি’
ভাঙ্গা আওয়ামী লীগ ২০১৪ সাল থেকে কাজী জাফর উল্যাহ ও নিক্সন চৌধুরীর নেতৃত্বে ভেঙে গেছে।
ফরিদপুরের ভাঙ্গা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সম্পর্কে একটি কথা প্রচলিত আছে। আর সেটি হলো, ‘আওয়ামী লীগেও আছি, আবার নিক্সনেও আছি।’ এলাকায় নিক্সনপন্থীদের পরিচয় দেওয়া হয় ‘স্বতন্ত্র লীগ’ হিসেবে। আবার উপজেলা আওয়ামী লীগের কোনো কোনো নেতা সম্পর্কে বলা হয়, ‘দিনে কাজী জাফর উল্যাহ, রাতে নিক্সন চৌধুরী’।
প্রচলিত এই ধারণাই বলে দেয় ভাঙ্গা উপজেলার বর্তমান আওয়ামী লীগের অবস্থা কেমন এবং নেতাদের অবস্থান কোথায়। এ বিষয়টি ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহরও জানা।
বিভিন্ন সভা–সমাবেশে কাজী জাফর উল্যাহ বলেন, ‘শুনেছি, এ এলাকায় নাকি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। সবাই স্বতন্ত্র লীগ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা তা বলে না।’ অপর দিকে নিক্সন চৌধুরী বলেন, ‘দিনে নিক্সন চৌধুরী এবং রাতে কাজী জাফর উল্যাহ—এই রাজনীতি যাঁরা করেন, তাঁরা সতর্ক হয়ে যান। বেইমানদের জায়গা নিক্সন চৌধুরীর কাছে নেই।’
ভাঙ্গা আওয়ামী লীগ ২০১৪ সাল থেকে কাজী জাফর উল্যাহ ও নিক্সন চৌধুরীর নেতৃত্বে ভেঙে গেছে। ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাজী জাফর উল্যাহকে হারিয়ে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মাদারীপুরের শিবচরের বাসিন্দা নিক্সন চৌধুরী। পরে অবশ্য তিনি ভাঙ্গার আজিম নগর এলাকায় বাড়ি বানিয়ে এ এলাকার বাসিন্দা হয়েছেন। পাঁচ বছর পর ২০১৮ সালের নির্বাচনেও নিক্সন চৌধুরীর কাছে হেরে যান নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহ।
ভাঙাগড়ার এ খেলায় দেখা গেছে, আজ কেউ কাজী জাফর উল্যাহকে বাদ দিয়ে নিক্সন শিবিরে নাম লেখাচ্ছেন, আবার কিছুদিন পরই তিনিই আবার কাজী জাফর উল্যাহর কাতারে ফিরে আসছেন। এভাবে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলে পদ খুইয়েছেন। বর্তমানে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ চলছে ওই দুটি পদে দুই ‘ভারপ্রাপ্ত’ ব্যক্তির নেতৃত্বে।
অপর দিকে বর্তমানে নিক্সনের আস্থাভাজন হিসেবে পরিচিত ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট চারবার এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিকে ঘুরে এসেছেন। বর্তমানে তিনি নিক্সনের সৈনিক। ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাদাত হোসেন।
স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের নেতাদের এ দোদুল্যমানতার পেছনে রয়েছে এ এলাকার প্রকৃত ক্ষমতা কার হাতে রয়েছে, সে সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব থাকা কিংবা ধারণা না থাকা। যার ফলে নেতারা ঠিক বুঝে উঠতে পারছেন না, কখন কার পাল্লা ভারী, কখন তিনি কোথায় থাকবেন।
এ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে ১১ বছর আগে ২০১২ সালে ২০ জানুয়ারি। ওই সম্মেলনে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১১ বছর পর ওই ৭১ জন নেতার অবস্থান বিশ্লেষণ করে জানা গেছে, অন্তত ৪০ ভাগ নেতা কেউ নিক্সনের সঙ্গে গেছেন, কেউ রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেছেন, কেউ মারা গেছেন।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফায়জুর রহমান। এঁরা দুজন ২০১৭ সালে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর সঙ্গে যোগ দেন। এরপর উপজেলা আওয়ামী লীগ ওই দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠায়। জেলা আওয়ামী লীগ সুপারিশসহ কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠালেও গত ছয় বছরে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে এ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা কেন্দ্রীয় ওই সিদ্ধান্তের জন্যও অপেক্ষা করেননি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ১ নম্বর সহসভাপতি সাইফুর রহমান ওরফে মিরন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ১ নম্বর যুগ্ম সম্পাদক আকরামুজ্জামান রাজা।
জাফর উল্যাহ লোক ধরে রাখতে পারছেন না
উপজেলা আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী নিক্সনের পক্ষে যোগ দিয়েছেন, তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সনের সঙ্গে হাত মিলিয়েছেন। এমনই কথা জানা যায় দলত্যাগী নেতাদের কাছ থেকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা বলেন, ‘মাইর খাই, মিথ্যা মামলার শিকার হই, পুলিশ গ্রেপ্তার কইরা নিয়া যায়, অথচ লিডারকে (জাফর উল্যাহ) জানাইয়া প্রতিকার পাই না। লিডারের কথা পুলিশ শোনেও না। আবার বিপদে পড়েছি, কিন্তু শুনি লিডার বিদেশে। বিদেশ থেকে তিনি বলেন, ধৈর্য ধরো, সব ঠিক হইয়া যাবে। কিন্তু ঠিক তো আর হয় না। জান বাঁচানোই কঠিন হইয়া পড়ে।’
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, কাজী জাফর উল্যাহ জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মাদক বা মারামারি–জাতীয় মামলার আসামি হিসেবে কেউ গ্রেপ্তার হলে লিডার তাঁর পক্ষে কিছু বলেন না।
শান্ত ভাঙ্গাকে অশান্ত করছে নিক্সন ও তাঁর অনুসারীরা। মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামীতে নৌকার বিজয় সুনিশ্চিত।
সম্প্রতি কাজী জাফর উল্যাহ এলাকায় আসা বেড়ে যাওয়ায় এ উপজেলার আওয়ামী রাজনীতির পালে হাওয়া লাগতে শুরু করেছে। অচলাবস্থা কাটিয়ে সচল হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, শান্ত ভাঙ্গাকে অশান্ত করছেন নিক্সন ও তাঁর অনুসারীরা। শহীদ পরিবারের সন্তানদের ওপর হামলা চালানো হচ্ছে রাজাকারের সন্তানদের দিয়ে। মানুষের সঙ্গে জুলুম করা হচ্ছে। এ কোন রাজনীতি?
সংসদ সদস্য নিক্সন চৌধুরী লন্ডনে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কথা হয় নিক্সনের আস্থাভাজন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেনের সঙ্গে। সাহাদাত হোসেন বলেন, ‘সার্বিক অবস্থা নিক্সন চৌধুরীর অনুকূলে। ভাঙ্গার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউপিতে চেয়ারম্যান হয়েছেন নিক্সন চৌধুরীর সমর্থকেরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন নিক্সনের মনোনীত ব্যক্তি। ১১ বছর ধরে আওয়ামী লীগের কোনো সম্মেলন হয় না। কাজী জাফর উল্যাহ তিন বছর ধরে এলাকায় আসেননি। এখন নির্বাচন সামনে রেখে তিনি আসছেন।’