ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে ছিটকে পড়ে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
সিরাজগঞ্জে রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে সেতুর নিচে পড়ে দুই খালাতো ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের ফয়সাল কবির (২৫) ও একই এলাকার সামির হোসেন (২৪)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে দুই ভাই বেলকুচি উপজেলা থেকে ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন। এ সময় তাঁরা ওই সেতুর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। বেলা আড়াইটার দিকে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে দুই ভাই ছিটকে সেতুর নিচে পড়েন। সামির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সাল কবিরকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।