মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
মৌলভীবাজারে খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ফখরুল মিয়া (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফখরুল মিয়া আগিউন গ্রামের আবদুল বাছিতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফখরুল গ্রামের একটি খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরা নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের হামলায় ফখরুল মিয়া আহত হলে আত্মীয়স্বজন তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই টিটু মিয়া বাদী হয়ে রোববার রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’