রুদ্রনগর প্রাথমিক বিদ্যালয়
পরিত্যক্ত ভবনে পাঁচ বছর ধরে পাঠদান
বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ভবন ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণা করে প্রকৌশল বিভাগ। এখনো ওই ভবনে পাঠদান চলছে।
দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। চালের কয়েকটি টিন উড়ে গেছে ঝড়ে। দরজা–জানালা ভাঙাচোরা। জরাজীর্ণ হওয়ায় আধা পাকা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিকল্প ব্যবস্থা না থাকায় এখানেই শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলছে, আধা পাকা ভবনের চালের কয়েকটি টিন উড়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে শ্রেণিকক্ষের মেঝেতে পানি জমে যায় এবং বেঞ্চ ও বই-খাতা ভিজে যায়। ঝড়ের সময় টিনের চালসহ আধা পাকা ভবন কাঁপতে থাকে। এতে ঝড়-বৃষ্টি হলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যায়। আবার আকাশে মেঘ দেখলে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। এ ছাড়া রোদের মধ্যে পাঠদান করায় শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহায়।
প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য নতুন ভবন নির্মাণ জরুরি। নতুন ভবনের চাহিদা জানিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে কোনো সাড়া মেলেনি। সর্বশেষ চলতি বছরের ৯ মে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার নতুন ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিত পত্র দেন। তিনি (প্রধান শিক্ষক) নিজ হাতে পত্রটি জমা দিয়ে এলেও গত দুই মাসে কোনো অগ্রগতি জানা যায়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৪ সালে এটি জাতীয়করণ হয়। শুরু থেকে বাঁশের চাটাই ও টিনের ঘরে পাঠদান চলে। ১৯৮২ সালে সরকারিভাবে চার কক্ষের একটি আধা পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১৮ সালে ঝড়ে দফায় দফায় চাল উড়ে যায়। এ ছাড়া দীর্ঘদিনেও সংস্কার না করায় ভবনের দেয়ালে ফাটল সৃষ্টি হয়। এ কারণে ২০১৮ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা প্রকৌশল বিভাগ আধা পাকা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ১৯৮৮ সালে নির্মিত এক কক্ষের আরেকটি আধা পাকা ভবনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে এলজিইডি ২০ লাখ ৮৫ হাজার ৬৪৮ টাকা ব্যয়ে চার কক্ষের আরও একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে একটি কক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা বসেন। বাকি তিনটির মধ্যে একটি বঙ্গবন্ধু ও বাংলাদেশ স্টল এবং দুটিতে পর্যায়ক্রমে প্রাক্-প্রাথমিক, প্রথম ও চতুর্থ শ্রেণির পাঠদান করানো হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৮২ শিক্ষার্থী পড়াশোনা করে।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। সহকারী শিক্ষক শাকিলা নাজনীন পাঠদান করছেন। তিনি জানান, একই কক্ষে সকালের পালায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদেরকে পড়ানো হয়েছে। সেখানে দ্বিতীয় শ্রেণির ৩৯ ও তৃতীয় শ্রেণির ৩৫ জনের শিক্ষার্থীরা ক্লাস করে। ওই কক্ষে ঢুকে দেখা যায়, ভবনটির বেশির ভাগ দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। চালের টিনের ভাঙা অংশ দিয়ে সূর্যের আলো ঢুকছে শ্রেণিকক্ষে। ভোরবেলার বৃষ্টিতে ভেজা বেঞ্চগুলো পুরোপুরি শুকায়নি। মাথার ওপর একটি বৈদ্যুতিক পাখা ঘুরলেও তীব্র গরমে শিক্ষক-শিক্ষার্থী সবাই ঘেমে একাকার।
তৃতীয় শ্রেণির ছাত্রী তাবাসসুম আক্তার তানিশা বলে, ‘গরমের সুমায় ক্লাসে বসে থাকা যায় না। আবার ঝড়ের সুমায় মনে হয় এই বুঝি টিনির চাল ভাইঙ্গে পইলো। তকন বই–খাতা নিয়ে রুম থেইকে পালাতি হয়।’ একই শ্রেণির লামিয়া খাতুন বলে, ‘পানি হলি কিলাসে বইসে থাকা যায় না। ঝড় উটলি শ শ করে শব্দ হয়, খুব ভয় করে। মনে হয় চাল আর দিয়াল বুঝি ভাইঙ্গে গ্যালো। তকন শিশুদের (প্রাক্–প্রাথমিক) রুমি যাইয়ে বসি।’
এই ভবনের পাশেই একটি আধা পাকা ভবনের কক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়ে থাকে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুম্পা খাতুন ও মুজাহিদুল ইসলাম বলে, আধা পাকা ভবনে ক্লাস করতে তাদেরও কষ্ট হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকী সালাম জানান, জানুয়ারি মাসে পরিত্যক্ত ভবনটি নিলাম করতে উপজেলা প্রকৌশল বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে পাঠদান করানোর কথা নয়। তিনি আরও বলেন, ‘যেসব বিদ্যালয়ে ২০০ জনের বেশি শিক্ষার্থী আছে , সেসব বিদ্যালয়ের নতুন ভবনের জন্য অনুমোদন মিলেছে। এ ছাড়া বিশেষ বিবেচনায় আরও ৩০টি বিদ্যালয়ের তালিকা
করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। যেখানে রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম তালিকার ২ নম্বরে আছে।’