বগুড়ায় কারাগারের সামনের নর্দমা থেকে কারারক্ষীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগার-সংলগ্ন নর্দমা থেকে একরামুল হক (৪৫) নামের এক কারারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে কারাগারের ২ নম্বর ফটক-সংলগ্ন নর্দমা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া একরামুল হকের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার কান্দা গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাত একটা থেকে আজ বেলা তিনটা পর্যন্ত কারাগারের ২ নম্বর ফটক-সংলগ্ন এলাকায় তাঁর দায়িত্ব পালনের কথা ছিল। বিকেলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়ান ওলিউল্লাহ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই কারারক্ষীর শরীরে আঘাতের চিহ্ন আছে কি না নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কারা কর্তৃপক্ষ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়া কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, একরামুল হক ২০০৩ সালের ৩ নভেম্বর কারারক্ষী হিসেবে যোগদান করেন। আগামী ৩ নভেম্বর তাঁর চাকরিতে ২০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। গতকাল রাত একটা থেকে আজ বিকেল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। বেলা সাড়ে তিনটার দিকে কারাগারের ২ নম্বর ফটক-সংলগ্ন নর্দমায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেওয়া হয়। এ সময় তাঁর শরীরে কারারক্ষীর ইউনিফর্ম ছিল। যেহেতু কর্তব্যরত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে, তাই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কারাবিধি অনুযায়ী ইউডি মামলা করা হয়েছে।