পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। আজ শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার নুরপুর গ্রামেছবি: প্রথম আলো

রাজশাহীর বাগমারার এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার নুরপুর গ্রামে ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

ওই যুবলীগের নেতার নাম সোহেল রানা। তিনি উপজেলার তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নুরপুর গ্রামের বাসিন্দা। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে থাকার কারণে তাঁর স্বজনেরা দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার ছিল না।

পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে মুঠোফোনে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তাঁর স্বজনেরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। গতকাল কারা বিষ প্রয়োগ করেছে—তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি।

আজ বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরটিতে মাছ মরে ভেসে আছে। কয়েকজন মিলে সেগুলো তুলছেন।

এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।