চারটি দুধেল গাভিসহ ৯টি গরু চুরি
প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতেও গোয়ালঘরের গরুগুলোর জন্য খাবার দিয়ে ঘুমাতে যান কৃষক হেলাল মোল্লা। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ালঘরে গিয়ে দেখেন, বাছুরসহ ৯টি গরু উধাও, পড়ে আছে কাটা তালা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল মোল্লা ভাংনাহাটি গ্রামের ফজর আলী মোল্লার ছেলে। হেলাল মোল্লা জানান, তাঁর গোয়ালে ৪টি উন্নত জাতের দুধেল গাভি, ৪টি বাছুর, ১টি সাধারণ গাভিসহ মোট ৯টি গরু ছিল—সবগুলোই চুরি হয়ে গেছে। গরুগুলোর বর্তমান বাজারমূল্য ১২ লাখ টাকার বেশি।
ঘটনার বর্ণনা দিয়ে হেলাল মোল্লা জানান, গরুগুলোকে খাবার দিয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকেও সর্বশেষ দেখে যান। কিন্তু আজ ভোরে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, দরজা খোলা, পাশে পড়ে আছে কাটা তালা। ভেতরে গিয়ে দেখেন, ৯টি গরু নেই। তিনি বলেন, ‘আমার গোয়ালে বাছুরসহ ৯টি গরু ছিল। এর মধ্যে চারটি গাভি প্রতিদিন দুধ দিত। আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। তিল তিল করে গড়া গরুর পাল এক রাতেই শেষ হয়ে গেছে।’
গরু চুরির বিষয়টি শুনেছেন জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।