নাশকতার পরিকল্পনার অভিযোগে কুষ্টিয়ায় বিএনপির ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করার অভিযোগে বিএনপির ৩১ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। এর মধ্যে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, সব আসামিই বিএনপির সক্রিয় সদস্য।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী বাদী হয়ে মামলাটি করেন। তবে বিএনপির নেতারা বলছেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অহেতুক মামলা করা হয়েছে। পুলিশের এ ধরনের আচরণ আগেও ছিল, এখনো আছে। এসব করে রাজপথের আন্দোলন দমানো যাবে না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডের পাশে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতিসাধন করার জন্য সমবেত হয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ১২টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বাঁশের লাঠি ও ৮টি কাঠের বাটাম উদ্ধার করে পুলিশ।
মামলার বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন প্রথম আলোকে বলেন, এ ধরনের মিথ্যা মামলা করা পুলিশের পুরোনো অভ্যাস। এসব করে বিএনপির নেতা-কর্মীদের দমানো যাবে না। বিএনপি মাঠে আছে, থাকবে। সবকিছু মোকাবিলা করা হবে। তিনি মিথ্যা হয়রানিমূলক মামলা করার তীব্র প্রতিবাদ জানান।