যাত্রী সেজে উঠে চালককে হত্যা, পরে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় অটোভ্যান

গ্রেপ্তার প্রধান আসামি হাবিল উদ্দিনছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যানচালক সাখাওয়াত হোসেনকে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, যাত্রী সেজে ভ্যান ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করেন চক্রের সদস্যরা।

‎আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু কামাল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে সাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা সেতুর নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে সাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে রক্তমাখা ভ্যানটি গামছা দিয়ে মুছে গামছা ও শাবলটি সেতুর নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান তিনি। চক্রের সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হওয়ার পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবির ওসি রাজু কামাল বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি অধিকতর তদন্ত চলছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে