১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দেবীদ্বার থেকে চাঁদাবাজি, মাদক বিদায় নেবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবীদ্বারে নির্বাচনীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারেছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বিদায় নেবে। ১৩ তারিখ দেবীদ্বারে চাঁদাবাজমুক্ত নতুন সূর্য উদিত হবে। ১৩ তারিখ সূর্য উঠবে ধান্দাবাজমুক্ত দেবীদ্বারে। ১৩ তারিখ দেবীদ্বারে ঋণখেলাপিমুক্ত নতুন সূর্য উঠবে। ১৩ তারিখ নতুন, আগামীর, উন্নতির, সমৃদ্ধির এবং মাদকমুক্ত দেবীদ্বারের সূর্য উঠবে। নতুন এই সূর্যের আলোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে এক নির্বাচনী সভায় এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অতীতে যেটা হয়েছে, ভোটারদের প্রার্থী খাইয়েছে, টাকা দিয়েছে, ভোটারদের প্রার্থী ঘুষ দিয়েছে, বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠিয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য।

ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনি যখন ভোটের আগেই প্রার্থীর কাছ থেকে ঘুষ খাবেন, তাহলে আপনার কি প্রার্থীর ঘুষ ধরার কোনো অধিকার আছে? আপনার হাতে এক দিনের ক্ষমতা ছিল, আপনি সেটির অপব্যবহার করেছেন। সুতরাং আপনার পাঁচ বছর নেতার দুর্নীতি নিয়ে কথা বলার অধিকারও থাকবে না। আমরা চাই জনগণ তাদের হারিয়ে ফেলা ক্ষমতা এই নির্বাচনে পুনরুদ্ধার করবে।’

ভোটারদের ভোটের দিন ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত। ফলাফল নিয়ে না আসা পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কেউ যেন আপনার অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সোচ্চার থাকতে হবে। কেউ কেন্দ্র দখল করতে এলে উচিত জবাব দেবেন। আমার ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের ভাইদেরও অনেক দায়িত্ব রয়েছে। ছাত্র শক্তি, ছাত্রশিবির আর আমার তরুণ প্রজন্মের যারা জুলাই আন্দোলন করেছে, তারা থাকতে জিনেও সাহস করবে না ভোটকেন্দ্রের দিকে তাকাতে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। এটাই আমি চাই।’

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তাঁর নিজ ইউনিয়নে তাঁর নির্বাচনী ব্যানারে আগুন লাগানো হয়েছে। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) রাতে নিজ ইউনিয়ন রসুলপুরের খাইয়ার গ্রামে আমার ব্যানারে আগুন লাগিয়ে দিছে। কেরোসিন ঢেলে আগুন লাগাইয়া দিছে। ব্যানার পুড়ে কি গণজোয়ার থামানো যাবে?’

উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন।