কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাট ও পার্কিং ইজারার সমঝোতার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের মাঠে ওই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আপ্তাব আলী ওরফে কালা মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর দুই পক্ষের লোকজনদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইয়াকুব আলীর দুই ভাইসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের বিরোধপূর্ণ দুটি পক্ষের মধ্যে এক পক্ষে নেতৃত্ব দেন আপ্তাব আলী ও উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ওরফে আলফু এবং অন্য পক্ষে নেতৃত্ব দেন ইয়াকুব আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটনঘাট সাদাপাথরের প্রথম দফার দরপত্র সমঝোতার নানা নাটকীয়তার পর বাতিল হয়। সে সময় ১৫টি শিডিউল বিক্রি হলেও জমা পড়েছিল ৫টি দরপত্র। গত ২৭ মার্চ দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হলে ৩৭৩টি শিডিউল বিক্রি হয়। পরে সমঝোতার ভিত্তিতে ১ কোটি ১৮ লাখ টাকায় ইজারা পায় আপ্তাব আলী ও আবদুল ওয়াদুদ পক্ষ। সমঝোতার টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক হয়। এতে ভাগ–বাঁটোয়ারা নিয়ে ইয়াকুবের সঙ্গে আবদুল ওয়াদুদ ও আপ্তাব আলীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াকুব আলীর ভাই উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন ও ব্যবসায়ী কামাল হোসেন এবং আপ্তাব আলী ও আবদুল ওয়াদুদের পক্ষের আরও দুজন আহত হন।
ইয়াকুব আলী বলেন, তাঁরা দরপত্রে অংশ নিতে চাইলেও অপর পক্ষের দাপটের কারণে বিশৃঙ্খলার শঙ্কায় অংশ নেননি। এ জন্য সমঝোতা করেছিলেন। সমঝোতায় ২ কোটি ১৫ লাখ টাকা ভাগ হওয়ার কথা ছিল ব্যাংকে জামানত দেওয়া ১৫০ জনের মধ্যে কিন্তু তাঁরা ৩৭৩ জনের মধ্যে ভাগ করতে চেয়েছিলেন। এর প্রতিবাদ করায় তাঁর দুই ভাইয়ের ওপর হামলা করা হয়েছে। তিনি তাঁদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন।
এ ব্যাপারে আপ্তাব আলীর বক্তব্য জানতে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।