গান–নাচ–আলপনা–শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানাল চট্টগ্রামবাসী

পয়লা বৈশাখের বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উল্লাস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়, নগরের ডিসি হিল এলাকায়ছবি: সৌরভ দাশ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা এবং জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণিল সব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশের সড়কগুলো আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর থেকে উৎসবমুখর পরিবেশে এসব স্থানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। সকাল সাড়ে সাতটায় বেহালার সুরে সিআরবির শিরীষতলায় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক দল গান ও নাচ পরিবেশন করে। এর আগে গতকাল সোমবার একই জায়গায় বর্ষবিদায়ের আয়োজন করা হয়।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সিআরবিতে বর্ষবরণের এ আয়োজন করাহয়েছে। পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান মারুফ প্রথম আলোকে বলেন, ১০০টির মতো সংগঠন এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা করছে। সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান প্রায় অর্ধশত বছরের ঐতিহ্য। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। সে জন্য আয়োজন হয়নি। ১৯৭৮ সাল থেকে সেখানে অনুষ্ঠান করে আসছিল ‘সম্মিলত পহেলা বৈশাখ উদ্‌যাপন পরিষদ’। এবার জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করা হয়েছে।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল ৯টায়, চট্টগ্রাম নগরের ডিসি হিলে
ছবি: সৌরভ দাশ

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় সার্কিট হাউসের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি কাজীর দেউড়ি মোড় হয়ে ডিসি হিল প্রাঙ্গণে শেষ হয়। এরপর সেখানে সকাল ৯টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রাম জেলা শিল্পকলাতেও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। বোধন আবৃত্তি পরিষদ নগরের আন্দরকিল্লা জে এম সেন হলে দিনব্যাপী পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরেও পয়লা বৈশাখের নানা আয়োজন করা হয়েছে।

নগরে পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা কার্যকর থাকবে। পাশাপাশি এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যার আগেই সব অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।

পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়, নগরের ডিসি হিল এলাকায়
ছবি: সৌরভ দাশ

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসি হিল, সিআরবি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।