আট লাখ টাকায় জানুয়ারিতে যান কম্বোডিয়া, আরও এক লাখ খরচ করে দেশে ফিরে আত্মহত্যা
টাঙ্গাইলের সখীপুরে নিজ বসতঘর থেকে সজীব হোসেন (২২) নামের বিদেশফেরত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
নিহত সজীব হোসেন সখীপুরের বহুরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে। আগস্টের শুরুতে কম্বোডিয়া থেকে দেশে ফেরেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীবের বাবা জাফর আলী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন কর্মচারী হিসেবে অবসরে গেছেন। বাবার চাকরিজীবনের রোজগারের আট লাখ টাকা খরচ করে সজীব হোসেন এ বছরে জানুয়ারি মাসে কম্বোডিয়া যান। ওই দেশে যাওয়ার পর কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানে অনাহারে–অর্ধাহারে দিন কাটতে থাকে তাঁর।
পরে বাবা আবারও এক-দেড় লাখ টাকা ঋণ করে ওই দেশে পাঠিয়ে ছেলেকে দেশে ফিরিয়ে আনেন। দেড় মাস আগে দেশে ফিরে সজীব হোসেন হতাশায় ভুগতে থাকেন। আর্থিক ক্ষতি ও ঋণের চাপ সইতে না পেরে সজীব হোসেন আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।