নড়াইলের বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও দোকানে ভাঙচুর–আগুনের ক্ষতচিহ্ন, পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাসের পুড়িয়ে দেওয়া ঘর। আজ রোববার দুপুরে তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দিছে। রান্নাঘর, গোয়ালঘর, খেড়ার (খড়ের) পালা—সমস্ত কিছু মালামাল পুড়াই দেছে। যদ্দুর যা পারিছে নিয়ে গেছে; আর সব পুড়াই দিয়ে গেছে। আমি একা বিটি (নারী) মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি।’
আজ রোববার দুপুর দুইটার দিকে নিজের একতলা পোড়া বাড়িতে দাঁড়িয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম।

গত শুক্রবারের হামলা–ভাঙচুর–অগ্নিসংযোগের পর ভয়ে অনেকে এখনো রাতে নিজেদের বাড়িঘরে থাকছেন না। রাবেয়া বেগম বলেন, ‘(রাতে) পাশের এক বাড়িতে ঘুমাই ছিলাম। গত রাতেও ঘরের গ্রিল ভাঙিছে। শব্দ শুনে লাইট নিয়ে আসলে, চলে গেছে।’

গত বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এরপর গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে ৬০টির বেশির ঘর ও দোকানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।

প্রথম আলোর এই প্রতিবেদক আজ রোববার দুপুর পৌনে ১২টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বেন্দারচর গ্রাম ঘুরে দেখেন। সেখানে ৬০টি ঘর ও ছয়টি দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন দেখা গেছে। এর মধ্যে কোনো কোনো বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আবার কোনো বাড়িতে শুধু ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ছাড়া শুধু লুটপাটের শিকার হয়েছে কয়েকটি পরিবার।

বেন্দারচরের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে রয়েছেন মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিল্পব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার ও আকমান সিকদারসহ অনেকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমানের অনুসারী।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের প্রবেশমুখে পুলিশের অবস্থান। আজ রোববার দুপুরের দিকে
ছবি- প্রথম আলো

আজ রোববার দুপুরে বেন্দারচর গ্রামের প্রবেশপথে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। গ্রামের ভেতরেও একটি মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। গ্রামের বিভিন্ন পথে পুলিশের পাশাপাশি এসআরবি সদস্যরাও টহল দিচ্ছিলেন। এরই মধ্যে বাসিন্দের কেউ কেউ পোড়া ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন।

ভাঙচুর ও অগ্নিসংযোগ করা বাড়িগুলোতে কিশোর, তরুণ ও যুবকদের দেখা যায়নি। তবে নারীদের উপস্থিতি দেখা গেছে। কেউ কেউ ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন। তাঁদেরই একজন পারভিন বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সময় যাচ্ছে অনেক কষ্টে। আমরা মহিলারা কেউ বাসায় নিরাপদ না। প্রত্যেকের ভয় ঢুকে গেছে। বাসায় রাতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বাসায় রাতে থাকি না।’

বিএনপির দুই নেতা নিহত ও পরবর্তী ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। আর সাবেক এমপির আত্মীয়-স্বজনদের ৫ থেকে ৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্তের খোঁজ আমরা পেয়েছি। সব কিছু আমাদের তদন্তের মধ্যে আছে।
ইদ্রিস আলী, ওসি, কালিয়া থানা

বেন্দারচর গ্রামের আরেক বাসিন্দা পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, ‘আমাগে মাল-জিনিস, টাকা-পয়সা সম্পূর্ণ জিনিস লুটপুটে নিয়ে গেছে। পুলিশ যখন থেকে আইছে, তহন থেকে আমাগে ভয় কুমিছে। কিন্তু তারপরও আমাগে ভয় আছে। নিরাপত্তা নাই।’

ভুক্তভোগীরা বলেন, গত শুক্রবার বিকেলে হঠাৎ করে তাঁদের বাড়ি-ঘরে হামলা হয়। ভাঙচুর, লুটপাট চলে। অগ্নিসংযোগ করা হয়। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেন্দারচর গ্রামের নারীদের মধ্যে যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের অভিযোগ, এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা দায়ী।

তবে অভিযোগ গতকাল শনিবারই অস্বীকার করেন বিএনপি নেতা–কর্মীরা। তাঁদের দাবি, গত বুধবার বেন্দারচরে বিএনপির মিছিলে হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। এতে বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম নিহত হন। তারা সেই শোকে কাতর। ভাঙচুর-অগ্নিসংযোগ লুটপাটে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলামের বাড়ি বেন্দারচরে। তিনি আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখন কোনো গোলযোগ নাই।’

বেন্দারচর গ্রামের রুস্তম মোল্যার ক্ষতিগ্রস্ত ঘর। আজ রোববার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

এলাকার পরিস্থিতি সম্পর্কে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে বেন্দারচরের অবস্থা ভালো। শান্তপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবিও আমাদের সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘বিএনপির দুই নেতা নিহত ও পরবর্তী ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। আর সাবেক এমপির আত্মীয়-স্বজনদের ৫ থেকে ৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্তের খোঁজ আমরা পেয়েছি। সব কিছু আমাদের তদন্তের মধ্যে আছে।’

আরও পড়ুন

বেন্দা ও বেন্দারচর আলাদা গ্রাম

পুলিশ সূত্র জানায়, কালিয়ার বেন্দারচরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে গত শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। কালিয়ার বেন্দারচর ও বড় কালিয়ার ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের গুজব তখন প্রচার করা হয়।

তবে সরেজমিন গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত বেন্দা ও বেন্দারচর পাশাপাশি হলেও দুটি আলাদা গ্রাম। বেন্দা এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসবাস থাকলেও বেন্দারচরে তাদের কোনো বসতি নেই। সেখানে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি।
বেন্দা ও বেন্দারচর—দুই গ্রামের মিলনস্থলের একটি মোড়ে দাঁড়িয়ে আজ রোববার দুপুরে কথা হয় বেন্দা গ্রামের শ্যামলি পালের সঙ্গে। তিনি বলেন, ‘বেন্দায় ক্ষয়ক্ষতি হয়নি। বেন্দারচরে বহু লোকের ঘরবাড়ি পুড়ায় দেছে।’

নড়াইল জেলা পুলিশ থেকে পাঠানো গতকাল শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। বেন্দারচর এলাকায় হিন্দু বসতি নেই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা হয়। বড় কালিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান শনিবার সাংবাদিকদের বলেছিলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’

তবে শুক্রবার রাতে বড় কালিয়া এলাকার ঘোষপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা হয়। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে ভাঙচুরেরর পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। আশপাশের আর কোনো বাড়িতে ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রাও গত শনিবার এই প্রতিবেদকে একই কথা বলেছেন।

আরও পড়ুন