গম কাটা নিয়ে মামাতো-ফুপাতো ভাইদের সংঘর্ষে আহত ৬, মামলায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র

নাটোরের লালপুর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে গম কাটা নিয়ে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে লালপুর থানায় মামলা হয়েছে। মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়বাব ইউনিয়নের শেরপাড়া গ্রামের মৃত সামসের আলীর ছেলে জাকির হোসেন (৫০) তাঁর দাদার সুন্দরগাড়া গ্রামের একটি জমিতে গম চাষ করেন। গম কাটার উপযুক্ত হলে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁর ফুপাতো ভাই রজব হোসেন হারভেস্টার মেশিনসহ লোকজন নিয়ে ওই জমিতে গম কাটতে যান। খবর পেয়ে জাকির হোসেনের ভাই জাহাঙ্গীর আলমসহ অন্তত ছয়জন ওই জমিতে গিয়ে গম কাটতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আলম (৩০), রফিকুল ইসলাম (২৮), আমিরুল ইসলাম (৫০), জিয়ারুল ইসলাম (২৬), রবিউল ইসলাম (২৮) ও জিল্লুর রহমান (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ছয়জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে আজ সকালে ১৫ জনকে আসামি করে লালপুর থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে এহিয়া বাবু (৪৮), জোহরা বেওয়া (৫৮) ও হৃত্বিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারের আগে এহিয়া বাবু বলেন, জাকির হোসেনরা তাঁর ফুপুদের অংশের জমি জোর করে দীর্ঘদিন ধরে দখল করে আসছেন। দখলমুক্ত করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

জাকির হোসেন বলেন, তাঁর দাদার মৃত্যুর পর ২০ বিঘা জমি ছিল। অংশ অনুযায়ী তাঁরা ফুপুদের জমি বণ্টন করে দিয়েছেন। কিন্তু ফুপাতো ভাইয়েরা এই বণ্টন মানেন না। তাঁরা জোর করে জমি দখল করতে যান। গতকাল রাতে কয়েকজনকে নিয়ে চাষ করা গম তাঁরা মেশিন দিয়ে কাটতে শুরু করেন। এতে বাধা দিলে ফুপাতো ভাইয়ের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। তাঁদের পক্ষের আহত লোকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, হাসপাতালে আসা আহত ব্যক্তিদের জখম গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুজ্জামান বলেন, জমির দখল নিয়ে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। একটি মামলা হয়েছে। মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।