নারায়ণগঞ্জে বারান্দার গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, টাকা–স্বর্ণালংকার লুট

নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৪টার দিকে জালকুড়ি এলাকার সীমা ডাইং কারখানার পাশের মঞ্জিল মোর্শেদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকেই ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাঁদের হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলে সাত–আটজন ছিল। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং দেড় থেকে দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক–সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতক ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে আছে।