গোয়ালন্দের বিচ্ছিন্ন জনপদে ব্যক্তি উদ্যোগে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিচ্ছিন্ন এক জনপদের নাম কুশাহাটা। চারদিকে পদ্মা আর যমুনা নদীবেষ্টিত দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা অঞ্চলের শিশুরা শিক্ষার আলো ছাড়া বেড়ে উঠছে। এই জনপদে শিশুদের পড়াশোনার কথা ভেবে সেখানে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়।
কুশাহাটা অঞ্চলের বাসিন্দারা জানান, এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শিশুরা অশিক্ষা আর রুগ্ন স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে। পায়াক্ট বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা খণ্ডকালীন একজন শিক্ষক দিয়ে বাড়ির উঠানে ২০১৭ সাল থেকে প্রাক্-প্রাথমিক শিক্ষা চালু করে। এতে প্রায় দেড় শ শিক্ষার্থী থাকলেও ঘর না থাকায় পড়াশোনার পরিবেশ নেই। এমন অবস্থা দেখে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সী ব্যক্তি উদ্যোগে এক একর জমি ক্রয় করে সেখানে নিজের নামে প্রতিষ্ঠা করেছেন মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়।
মোস্তফা মুন্সী বলেন, সরকারিভাবে বিদ্যালয় করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানকার শিশুদের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নিজেই ৩ বিঘা জমি কিনে ১৮ ফুট প্রস্থ ও ৭০ ফুট দৈর্ঘে৵র দুটি চৌচালা টিনের ঘর করে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় শিক্ষিত বেকার যুবকেরা শিক্ষক হিসেবে থাকবেন। তাঁদের বেতন-ভাতাও পরিশোধ করা হবে।
গোয়ালন্দ উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে দৌলতদিয়া ফেরিঘাট। শুষ্ক মৌসুমে ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা ও যমুনা নদী পাড়ি দিয়ে কুশাহাটা পৌঁছতে লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষাকালে এই দুই নদী উত্তাল থাকলে সময় লাগে আরও বেশি। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারবঞ্চিত এই জনপদে ১৩২টি পরিবারে ৭ শতাধিক মানুষ বসবাস করে।
কুশাহাটার দক্ষিণে গোয়ালন্দ উপজেলা সদর, দক্ষিণ-পশ্চিমে রাজবাড়ী সদর, পশ্চিমে পাবনা এবং উত্তরে মানিকগঞ্জ জেলা। ১৫-১৬ বছর আগে কুশাহাটা এলাকায় বাস করত কয়েক হাজার পরিবার। ছিল হাসপাতাল, পশু হাসপাতাল, স্কুল, হাট-বাজার ও ভালো রাস্তা। উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলসহ অনেক রাজনৈতিক ব্যক্তির বাড়ি ছিল সেখানে। ১৯৯৭ ও ১৯৯৮ সালের ভাঙনে বেশির ভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ২০১২ সাল থেকে জেগে উঠতে শুরু অনেক জমি। আবার শুরু হয় বসতি গড়া।
গত ৩ নভেম্বর কুশাহাটা পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। তাঁর সঙ্গে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ। এলাকার নানা সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন ডিসি।
বিচ্ছিন্ন জনপদে ব্যক্তি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় করে দেওয়ায় মোস্তাফা মুন্সীর প্রশংসা করেছেন প্রশাসনের ব্যক্তিরা। জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘এই জনপদের মানুষ খুব সাধারণ। তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য মোস্তফা মুন্সী প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা, পশুর চিকিৎসা নিশ্চিত করাসহ যোগাযোগব্যবস্থা উন্নত করতে সর্বাত্মক চেষ্টা থাকবে। স্কুলটি নির্মিত হলে ঘরের একটি কক্ষে স্বাস্থ্যসেবা চালু হবে।’
তবে পিছিয়ে পড়া ওই জনপদকে এগিয়ে নিতে আরও অনেক কিছুর দরকার বলে জানান স্থানীয় লোকজন। স্থানীয় সালাম মণ্ডল বলেন, ‘আমরা সবাই নদীভাঙনের শিকার ভূমিহীন ও দরিদ্র। মাছ ধরে, অন্যের জমি চাষ করে চলি। এখন আমাদের কুশাহাটায় দ্রুত উপস্বাস্থ্যকেন্দ্র, পশু চিকিৎসাকেন্দ্র ও রাস্তা দরকার। এ ছাড়া এই অঞ্চলের মানুষ যাতে জমির খাজনা প্রদান করে চাষবাদ করতে পারেন তার দাবিও জানাই।’
ইউএনও জাকির হোসেন বলেন, এই অঞ্চলের মানুষ মাছ শিকার এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। শিক্ষার পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত তারা। স্বাস্থ্যকেন্দ্র এবং পশু চিকিৎসাকেন্দ্র যাতে দ্রুত চালু হয়, সে চেষ্টা অব্যাহত থাকবে।