সিলেটে সড়কে গ্যাসের লাইন বিস্ফোরণে আহত কলেজছাত্রের মৃত্যু
সিলেট নগরে সড়কে গ্যাস লাইন বিস্ফোরণে আহত কলেজছাত্র টিটন পাল (২৪) মারা গেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
টিটন পাল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামের লবনী পালের ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের সম্মান ২য় বর্ষের (অর্থনীতি বিভাগের) ছাত্র ছিলেন। তিনি খাজাঞ্চী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটন ও তাঁর দুই বন্ধু শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশে গ্যাস লাইন বিস্ফোরণ হয়। এতে সেপটিক ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে টিটনের মাথায় আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এক দিন পর তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। গতকাল রাত নয়টার দিকে হাসপাতালে তিনি মারা যান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মাথায় আঘাত পেয়ে টিটন অচেতন হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল হক জানান, টিটন পাল সিলেট নগরে একটি মেসে থেকে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।